অস্ট্রেলিয়ায় ‘প্রাণনাশী বন্যার’ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। দেশটির পূর্ব উপকূলে ভারী বৃষ্টিপাতের কারণে এ বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। শনিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
নিউ সাউথ ওয়েলসের বন্যাকবলিত এলাকা থেকে প্রায় অর্ধশত মানুষকে উদ্ধার করা হয়েছে। নিউ সাউথ ওয়েলসের নিম্ন এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার র্নিদেশ দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, সিডনির উত্তর এলাকাগুলো থেকে সরিয়ে শত শত মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। প্রধান সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। টেলিভিশনে প্রচারিত ফুটেজে ঘরবাড়ি ভেসে যেতে দেখা যাচ্ছে।
এভাবে টানা বৃষ্টি চলতে থাকলে রোববারের মধ্যে সিডনির বাঁধগুলো প্লাবিত হতে পারে বলে সর্তক করেছে অস্ট্রেলিয়ার পানি সেবা সংস্থা ওয়াটারএনএসডব্লিউ।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিডনিতে ১০০ মিলিমিটারের ওপরে বৃষ্টি হতে পারে এবং শহরটির পশ্চিম দিকে ব্লু মাউন্টেনসের নিম্নাঞ্চলে ৩০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।
স্থানীয়ভাবে প্রবলবৃষ্টি ও তীব্র বাতাস বয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়া দপ্তরের কর্মকর্তা আগাতা ইমিয়েল্সকা।
তিনি জানিয়েছেন, দ্রুত পরিবর্তনশীল ‘বিপজ্জনক পরিস্থিতির’ ব্যাপারে জনসাধারণের সতর্ক থাকা উচিত।
এই আবহাওয়া কর্মকর্তা বলেন, ‘প্রয়োজনীয় না হলে আজ বাড়ির বাইরে যাবেন না। এটি বাড়িতে থাকার দিন।’